সংবাদ শিরোনাম :
অর্থনীতির সাম্য-ন্যায্যতা নিশ্চিত ও অলিগার্কদের ধ্বংস করা হবে: ফখরুল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চান বিরোধী দলীয় নেতা ঋণচুক্তিতে সই বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এআইআইবি ইউরোপে স্বপ্নযাত্রা পাঁচ মাসে সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের বেশি ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার ইরানে ফের হামলা হলে নেতানিয়াহুকে একাই সামলাতে হবে, সতর্কবার্তা ট্রাম্পের রাশিয়ার শ্রমবাজারে এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী হবে বিশ্ববাসী

বঙ্গভবনের সামনে এক শিক্ষার্থীসহ চারজন গুলিবিদ্ধ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলাকালে এক শিক্ষার্থীসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া সাউন্ড গ্রেনেডে একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ বিশাল (২০), ব্যবসায়ী শফিকুল ইসলাম সেলিম (৪৫), সাংবাদিক রাজু আহমেদ (২৫) ও ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮)।

সাউন্ড গ্রেনেডে আহত আরিফ খান (২০) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

গুলিবিদ্ধ ফয়সাল বলেন, আমরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করি। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর বাধার মুখে পড়ি। ওখানে ছত্রভঙ্গ করার জন্য ছররা গুলি এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় কয়েকটি গুলি ডান পায়ের উরু ও বাম পায়ের গোড়ালিতে লাগে।

গুলিবিদ্ধ অপর ব্যক্তি শফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সংহতি প্রকাশ করে আমরা বঙ্গভবনের সামনে এসেছিলাম। আমি ব্যবসা করি। এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে আমার ডান পায়ে গুলি লাগে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বঙ্গভবনের সামনে থেকে আহত অবস্থায় পাঁচ এসেছেন। এদের মধ্যে চারজন গুলিবিদ্ধ। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।