অনলাইন রিপোর্ট॥
নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নতুন বই। সারা দেশে আজ বই উৎসব উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।
শনিবার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০২৩ শিক্ষাবর্ষের বই তুলে দেন তিনি। করোনার কারণে গত দুই বছর বই উৎসব করা সম্ভব হয়নি। এ বছর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আড়ম্বরপূর্ণ পরিবেশে উৎসব করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানিয়েছেন, ছাপার কাজ দেরিতে শুরু হওয়ায় প্রাথমিকের বই কিছুটা পিছিয়ে আছে। তবে অবশিষ্ট বইও ১০ জানুয়ারির মধ্যে সব উপজেলায় চলে যাবে।
বর্তমান সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে এবং এ পর্যন্ত মোট ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১১টি পাঠ্যপুস্তক বিতরণ করেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) হিসাব অনুযায়ী, সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।
রক্তিম সূর্য ডেস্ক 









